হত্যার হুমকিদাতারা এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ যায় কীভাবে :রিজভী

পিস্তল দেখিয়ে হত্যার হুমকিদাতারা এয়ার অ্যাম্বুলেন্স করে বিদেশে যায় কীভাবে—সেই প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মামলা দেওয়ার পরও অপরাধীদের নানাভাবে রেহাই দেওয়া হচ্ছে। তিনি বলেন, যারা পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দিচ্ছে, অত্যাচার করছে—তারা বাংলাদেশ  থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে পালিয়ে গেছে। আর কেউ সরকারের সমালোচনা করে পোস্ট দিলে তাকে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে আসে।

গতকাল বুধবার নয়াপল্টনে জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের সময় এসব কথা বলেন রিজভী। জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়। রিজভী বলেন, শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত অপরাধীদের নানাভাবে রেহাই  দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি চলছে দেশে। সরকার মানুষকে বাঁচানোর জন্য কোনো কাজ করেনি অভিযোগ করে তিনি বলেন, সরকারি হাসপাতালে ২০-৩০ শতাংশের  বেশি রোগী জায়গা দিতে পারছে না। ঢাকার বাইরে তো চিকিত্সাই পাচ্ছে না করোনা রোগীরা।

অনুষ্ঠানে জাসাসের সিনিয়র যুগ্মমহাসচিব জাকির হোসেন রোকন, সহসভাপতি আহসান উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাজহার আলী শিবা শানুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।