এক্সিম ব্যাংকের এমডিকে গুলি

রন হক সিকদারের ‘রেঞ্জ রোভার’ গাড়ি জব্দ

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সিকদার গ্রুপের এমডি ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদারের বিলাসবহুল ‘রেঞ্জ রোভার’ গাড়ি জব্দ করেছে পুলিশ। গুলশান থানার ওসি এস এম কামরুজ্জামান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রন হকের বনানীর বাসায় অভিযান চালিয়ে সাদা রঙের গাড়িটি জব্দ করা হয়। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো ঘ- ১৮-৩৯৪৫।

গত ১৯ মে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের নামে মামলা হয়। মামলায় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে আটকে রেখে নির্যাতন ও পূর্বাচলে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। মামলায় অভিযোগ করা হয়, ৫০০ কোটি টাকা ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি  দেখাতে রাজি না হওয়ায় রন হক ও দিপু হক এক্সিম ব্যাংকের এমডি ও এএমডিকে গুলি করে হত্যার  চেষ্টা করেন।  এই মামলার পর দুই ভাই গত ২৫ মে নিজেদের কোম্পানির উড়োজাহাজে দেশ ত্যাগ করেন। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এর আগে ইত্তেফাককে বলেছেন, অভিযোগের তদন্ত চলছে। তবে মামলায় যে গুলির কথা বলা হয়েছে, পুলিশ তদন্তে গুলি করার কোনো আলামত পায়নি। তবে ঋণ নিয়ে দেনদরবারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।