প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের হার। কিন্তু বাড়ছে না সচেতনতা। দিন যতই যাচ্ছে ততই যেন মানুষের মধ্যে সচেতনতা নিয়ে এক ধরনের ঢিলেমি ভাব চলে এসেছে। বাধ্য হয়ে সরকার জরিমানাসহ বিভিন্ন উদ্যোগ নিলেও সাধারণ মানুষ একরকম নির্বিকার।
বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চললে আরো ভয়ংকর পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য।
গতকাল রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অনেক মানুষ মুখে মাস্ক পরার মতো সামান্য সচেতনতাটুকুও পালন করছেন না। ক্রেতা-বিক্রেতা কেউই মানছেন না সামাজিক দূরত্ব।
এমনকি বাজারগুলোতে হাত ধোয়ার ব্যবস্থাও নেই।
রাজধানীর তুরাগ এলাকার কামারপাড়া বাজারে গিয়ে দেখা যায়, ছোটো বাজারে ঠাসাঠাসি করে বাজার করছেন ক্রেতারা। এক জনের সঙ্গে আরেকজনের শরীর লেগে যাওয়া যেন অন্য সময়ের মতোই স্বাভাবিক ব্যাপার। অথচ করোনা ভাইরাস সংক্রমণরোধের অন্যতম উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। এছাড়া অনেকের মুখেই মাস্ক নেই।
রাজধানীর আব্দুল্লাহপুর মাছের আড়তে ভোর থেকেই পাইকারি ব্যবসায়ীদের ভিড় লেগেই থাকে। এই আড়তে এসে বোঝার উপায় নেই দেশে ‘করোনা ভাইরাসের’ সংক্রমণ বলে কিছু আছে। মাছ কেনাকে কেন্দ্র করে ছোটো-বড়ো জটলা লেগেই থাকে এই আড়তে।
আড়তে মাছ কিনতে আসা উত্তরা-১০ নম্বর সেক্টরের কবির হোসেন মাস্ক পড়ে বাজারে আসেননি। এ প্রসঙ্গে জিজ্ঞেস করতেই তিনি বলেন, আসলে আমার বাসা রাস্তার ঠিক ওপারেই। বাজার করে এখনই বাসায় যাবো। এজন্য মাস্ক পড়া হয়নি।
সংশ্লিষ্টরা বলেছেন, দিন দিন করোনা ভাইরাস সংক্রমণের হার যতই বাড়ছে মানুষের মধ্যে সচেতনতাও কমছে। এ অবস্থা চলতে থাকলে করোনা ভাইরাস সংক্রমণের হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।