ছাগলনাইয়া উপজেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ধীরেন্দ্র দেবনাথ (৮৫) প্রকাশ ধীরু বাবু ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের থানা পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার রাত দুইটায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন।
তিনি জানান, করোনার উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৯ মে শুক্রবার নমুনা পরীক্ষার জন্য নোয়াখালীতে পাঠানো হয়। ৩১ মে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। বয়স বেশী এবং স্ট্রোকের রোগী হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এ্যাম্বুলেন্স নিয়ে তার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু আক্রান্ত রোগী হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করায় হোম আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। বুধবারও তার অবস্থা স্বাভাবিক ছিল।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, ছাগলনাইয়ায় প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীকে ধর্মীয় নিয়ম অনুযায়ী সমাধিস্থ করার জন্য কর্তব্যরত টিমকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, ছাগলনাইয়ায় এ পর্যন্ত ২৩জনের করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে ১৩জন সুস্থ হয়েছেন। ৩জন হাসপাতালে এবং ৬জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এই প্রথম একজন রোগী মারা গেল।
ইত্তেফাক/এএম