মৌলভীবাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তাহের আলী (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে এলাকায় তাহের আলী ও চান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে বিবাদমান দুই পক্ষ একই জমিতে বোরো ধানের চারা রোপন করতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে তাহের আলীসহ উভয় পক্ষের ছয়-সাত জন আহত হন। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাহের আলীকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুনঃ চলে গেলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা কাদের খান

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‌‘এ ঘটনায় এলাকা থেকে তিনজনকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।’

ইত্তেফাক/অনি