করোনা দুর্গতদের পাশে আলহাজ মো. জাহাঙ্গীর আলম

করোনা সংক্রমণ এড়াতে এবং দুর্গতদের সাহায্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালীর সোনাইমুড়ি-চাটখিল উপজেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

নিজ আসন তথা নোয়াখালী-১ সংসদীয় আসনের করোনা-দুর্গত ৩০ হাজার মানুষের মাঝে খাদ্য-সহায়তা বিতরণ করেছেন তিনি। এছাড়াও তার পক্ষে এ সকল খাদ্য সামগ্রী ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন তার সংসদীয় আসনের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি দুই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবী, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে ২৫ হাজার পিস সার্জিক্যাল মাস্ক, ১৫০ পিস পিপিই, ৫০ পিস পিপি গাউন, ১২ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার (হেক্সিসল), ৮ হাজার পিস হ্যান্ড গ্লাভস প্রদান করেছেন তিনি।

চাটখিল উপজেলা কাওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে শিশু খাদ্য এবং সোনাইমুড়ি ও চাটখিলের ইমাম ও মোয়াজ্জেমের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাহাঙ্গীর আলম। স্থানীয় মুক্তিযোদ্ধা, মহিলা আওয়ামীলীগ, ওলামাগণ, মৎস্যজীবীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিজ নিজ সংসদীয় এলাকায় করোনা মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সফলভাবে করোনা মহামারী থেকে দেশকে রক্ষা করতে পারেন।

সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার জনস্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখার ব্যবস্থা নিয়েছেন তিনি। দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাঝে করোনা ভাইরাসের প্রতিরোধে সুরক্ষা সামগ্রী এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন এবং মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে কর্মীদের দিয়ে জীবাণুনাশক ছিটিয়েছেন।

করোনা সংকটের শুরু থেকে ধাপে ধাপে এই সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। সীমিত সামর্থ্যে তার এই আন্তরিক প্রয়াস সাহস যুগিয়েছে প্রান্তিক মানুষকে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই উপজেলার বেকার ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।  সোনাইমুড়ি ও চাটখিল উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ছাড়াও দুই উপজেলার ইমাম-মুয়াজ্জিন, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও স্কাউটের ৯ শতাধিক সদস্যের মাঝেও খাদ্যসামগ্রী ও ঈদ উপহার প্রদান করেছেন।

ইত্তেফাক/জেডএইচডি