করোনা ভাইরাসের কারণে দুই মাস ১০ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে বন্দরে।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পামানা পোর্ট লিংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা চিঠি আদান-প্রদানের পর সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধির মানার শর্তসাপেক্ষে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। প্রথম দিন ভুট্টা ও পেয়াজসহ বিভিন্ন আমদানিপণ্যবাহী বেশ কিছু ট্রাক প্রবেশ করেছে। তবে পুরোদমে আমদানি শুরু হয়ে আরো কয়েকদিন সময় লাগবে।
২৫ মার্চ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এপ্রিল মাসে একবার বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির চেষ্টা করা হলেও সুরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
ইত্তেফাক/জেডএইচডি