‘পথ গেছে বেঁকে’

ধারাবাহিক নাটক

এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘পথ গেছে বেঁকে’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, ইন্তেখাব দিনার, ফারজানা চুমকি, দিপান্বিতা আইচ, স্বাধীন খসরু, রোজী সিদ্দিকী, অপূর্ব মজুমদার, ফারুক আহমেদ, নন্দিনী প্রমুখ। উচ্চ মধ্যবিত্ত পরিবারের সুখি দম্পতি আলম ও নীলা। তাদের দুই সন্তান সুশী ও মাহের। আলমের বাবা তাদের সঙ্গে থাকেন। আলম হ্যান্ডিক্রাফট এক্সপোর্টের বিজনেস করে। নীলার বড় ভাই সাগর আর ছোট বোন বিথী তাদের বাবা মোতাহার হোসেনের সঙ্গে থাকে। সাগরের স্বপ্ন সিনেমা বানানোর। সে এরমধ্যে কিছু প্রামাণ্যচিত্র বানিয়েছে। সিনেমার নিত্য-নতুন আইডিয়ার কথা বলে বিরক্ত করে আলমের বাবাকে। আলমের ইউনিভার্সিটির বন্ধু সোহানা বিয়ে বিচ্ছেদের পর দীর্ঘদিন পর দেশে ফিরে আসে। এসে ওঠে আলমের বাড়িতেই। আলম এক সময় সোহানাকে পছন্দ করতো। নীলাও সোহানাকে সহজভাবে নেয়। কিন্তু সোহানা আসার পর থেকে আলম তার পরিবারের চেয়ে সোহানাকে বেশি সময় দিতে থাকে। এতে এক সময় নীলা বিরক্ত হয়ে ওঠে। এরমধ্যে আলমের এক্সপোর্টের একটি লট মিসিং হয়। এতে আলমকে ক্ষতিপূরণ বাবদ বিরাট অঙ্কের টাকা কোম্পানিকে দিতে হবে বলে জানা যায়। কিন্তু অল্প সময়ের মধ্যে আলমের পক্ষে এ টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়ে।