স্পোর্টস ডেস্ক
দর্শকহীন মাঠে খেলার সঙ্গে মোটেও পরিচিত নন ইউরোপীয় ফুটবলাররা। মাঠভর্তি দর্শকের সামনে খেলা খেলোয়াড়রা তাই যখন শূন্য মাঠে খেলবেন, বড়ো একটা ঘাটতিই তৈরি হবে তাদের জন্যে, এমনই অভিমত রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুসের। তবে সেটা জয় করতে পারলেই শিরোপাজয় সম্ভব বলে জানিয়েছেন জার্মান এই মিডফিল্ডার।
ফুটবলে স্বাগতিক আর সফরকারীর পার্থক্য নেই খুব একটা, ঘরের মাঠের দর্শক সমর্থনই পার্থক্য গড়ে দেয় অনেকটা। করোনার ছোবল সারিয়ে ফুটবল মাঠে ফিরছে। তবে দর্শক ফিরবে কবে, সে প্রশ্নের জবাব কেউ জানে না। বিশেষজ্ঞদের অভিমত, প্রতিষেধক আবিষ্কারের আগ পর্যন্ত খেলতে হবে খালি মাঠেই। তাই দর্শক সমর্থন পেতে অপেক্ষাটা আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনাই বেশি ফুটবলারদের।
তবে তার আগে ফুটবল তো আর থেমে থাকবে না। তাই শিরোপা জিততে হলে অভ্যস্ত হতে হবে দর্শকশূন্য গ্যালারিতেই। ক্রুসের ভাষ্য, ‘প্রথমবারের মতো খালি গ্যালারির সামনে খেলতে নামতে হবে আমাদের। এর জন্যে মুখিয়ে আছি আমি। নতুন পরিবেশের সঙ্গে যে সবচেয়ে দ্রুত সময়ে মানিয়ে নিতে পারবে সেই শিরোপা জিতবে বলে মনে হচ্ছে।’
আগামী ১৪ জুন এসডি এইবার এর বিপক্ষে ম্যাচ দিয়ে তিন মাসের বিরতি শেষ করবে রিয়াল। ক্রুস জানালেন, সে ম্যাচকে সামনে রেখে কঠোর পরিশ্রমই করছেন মাদ্রিদ ফুটবলাররা। তিনি বলেন, ‘সে ম্যাচে কি করে সেরা ছন্দে থাকা যায় সে প্রস্তুতিটাই নিচ্ছি আমরা। সামর্থ্যের শেষ বিন্দু দিয়েই অনুশীলন করছি আমরা। পরিস্থিতিটা সবার জন্যেই সমান। আমাদের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। আর একটা দল হিসেবে খেলতে হবে। বাকি ১১ ম্যাচ আমাদের জন্যে ফাইনালের মতোই। সে কথা মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করছি আমরা।’