ছুটিতে গেছেন বিদেশি দুই কিউরেটর

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই বাংলাদেশে অবস্থান করছিলেন বিসিবির তিন বিদেশি কিউরেটর। তবে সম্প্রতি ছুটিতে স্বদেশে ফিরে গেছেন দুই কিউরেটর। মিরপুর স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভা শ্রীলঙ্কায়, চট্টগ্রামের দায়িত্বে থাকা প্রাভীন হিনগানিকর ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এক সপ্তাহ আগে। বিসিবির গ্রাউন্ডস বিভাগের ম্যানেজার আব্দুল বাতেন গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের সঙ্গে সময় কাটাতে রুটিন ছুটিতেই স্বদেশে গেছেন দুই বিদেশি কিউরেটর। বিসিবির ডাক পেলেই আবার ফিরে আসবেন ঢাকায়। গতকাল আব্দুল বাতেন বলেন, ‘উনারা কিছু দিন আগে ছুটিতে গেছেন। আমাদের বিদেশি কোচরাও তো এখন নেই। এখন তো কাজ কম। আবার যখন সব কিছু শুরু হবে তখন ডাকলেই ফিরে আসবেন তারা।’ গত মাসেই গেছেন গামিনি-হিনগানিকর। অবশ্য করোনার প্রাদুর্ভাবের শুরু তথা গত মার্চ থেকে তারা কর্মস্থলেই ছিলেন। এদিকে কিউরেটররা না থাকলেও মিরপুর ও চট্টগ্রামে গ্রাউন্ডসম্যানরা কাজ করছেন। মাঠে নিত্যদিনের পানি দেওয়া, ঘাস কাটার কাজটা করছেন গ্রাউন্ডসম্যানরা। গামিনি, হিনগানিকর ছুটিতে চলে গেলেও সিলেটে রয়ে গেছেন আরেক ভারতীয় কিউরেটর সঞ্জীব আগারওয়াল।