বেড়িবাঁধ ভাঙে কেন?

উপকূলের ঘর-বাড়ি, জমির ফসল, পুকুরের মাছ সমুদ্রিক জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্যই বেড়িবাঁধ দেওয়া হয়ে থাকে। কিন্তু লক্ষ করা গেছে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এইসব বেড়িবাঁধ ঝড়ের সময় কোনোই কাজে আসে না। সামান্য জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে জান-মালের ব্যপক ক্ষয়ক্ষতি হয়ে এলাকাবাসী সর্বস্বান্ত হয়। তাহলে এই বাঁধ দিয়ে কী লাভ? বাঁধ ভাঙার কারণ হলো—নির্মাণকাজে ত্রুটি-দুর্নীতি, মানসম্মত মাটি ব্যবহার না করা, বাঁধের রক্ষণাবেক্ষণ না করা ইত্যাদি। এঁটেল মাটি অথবা রাবিস দিয়ে বাঁধ তৈরি না করে বালু মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়। বাঁধের দেয়ালে কংক্রিট ব্ল­কের আস্তর দেওয়া হয় না, এমনকি ঘাস পর্যন্ত লাগানো হয় না। ফলে বাঁধের মাটি পানিতে ধুয়ে যায়। বাঁধের ওপরের দিকে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় বাঁধ উপচে পানি প্রবাহিত হয়ে বাঁধ ভেসে যায়। বাঁধ রক্ষার জন্য বাঁধে বৃক্ষ ও ঘাস রোপণ করা অপরিহার্য। এবারের ঝড়ে যেসব বাঁধ ভেঙেছে, সেগুলোতে কোনো বৃক্ষ ছিল না। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও যথাযথভাবে সংরক্ষণ না করার পেছনে কোনো অসত্ উদ্দেশ্যে আছে কি না, তা তলিয়ে দেখা দরকার।

মো. আলী হায়দার

ঢাকা