উপকূলের বির্পযয়

সারা দেশ যখন করোনা প্রতিরোধে হিমসিম খাচ্ছে, উপকূলবাসীরা তখন করোনা সঙ্গে আম্ফানের তাণ্ডবে নাজেহাল। এ যেন উপকূলবাসীদের ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হিসাবে আবির্ভূত হয়েছে। এখনো সাতক্ষীরাসহ উপকূলবর্তী অনেক অঞ্চলে বিদ্যুতের সংযোগ স্থাপন সম্ভব হয়নি। যার কারণে উপকূলবর্তী অনেক গ্রাম সমপূর্ণ বিদ্যুত্ বিহীন। এই অবস্থায়  সবচেয়ে বিপদে পড়েছেন অটো রিকশার চালকরা।  চার্জ না দিতে পারার কারণে ঘূর্ণিঝড় পরবর্তী সংসারে কোনো আয়-উপার্জন হচ্ছে না। যার কারণে অসহায় হয়ে পড়েছে অনেক পরিবার। এমনকি এইসব গ্রামের জনগণকে মোবাইল চার্জ দেওয়ার জন্যও দুই থেকে তিন কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। মোবাইলফোন চার্জের জন্য আবার টাকাও গুনতে হচ্ছে। বিদ্যুত্সহ নানা প্রতিকূলতা থাকায় সাধারণ মানুষের আয়-রোজগারের প্রায় সকল উত্সই বন্ধ। বাঁধ ভেঙে গ্রামে পানি প্রবেশের কারণে খাবার পানির উত্সগুলো নষ্ট হয়ে গেছে। যার কারণে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।  এছাড়া চিংড়িঘেরে লবণাক্ত পানি প্রবেশ করায় অন্যতম প্রধান আয় আজ ধ্বংসের মুখে। এ অবস্থায়, উপকূলের জনগণ দূর্বিষহ জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তাই প্রশাসনের কাছে অতি দ্রুত এই সমস্যা সমাধানের আবেদন জানাচ্ছি।

মো. আফসারুল আলম মামুন

পদার্থবিজ্ঞান ডিসিপ্লি­ন, খুলনা বিশ্ববিদ্যালয়