সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে মো. সোলায়মান মোল্লা (৩৮) নামে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী এক ডাক্তারকে আবার গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে শিমরাইল হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হসপিটাল অ্যান্ড ল্যাবে রোগী দেখার সময় র্যাব-১১ এর একটি দল তাকে গ্রেফতার করে। গত বছরের জুলাই মাসে র্যাব-১১ তাকে একই কারণে গ্রেফতার করেছিল। ছাড়া পেয়ে আবার এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোগী দেখে আসছেন তিনি। তার কাছ থেকে ৯ রোগীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট, রোগী দেখার কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম, ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার ও ১টি কিবোর্ড উদ্ধার করা হয়। সোলায়মান মোল্লা দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার, কনসালট্যান্ট ও সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোগী দেখে আসছেন। একইভাবে মা হসপিটাল অ্যান্ড ল্যাবে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চেম্বারে রোগীদের প্রেসক্রিপশন দেওয়া অবস্থায় র্যাবের আভিযানিক দল তাকে হাতেনাতে গ্রেফতার করে।