অনলাইন প্রদর্শনীতে করোনাকালের অবরুদ্ধ সময়

ইত্তেফাক রিপোর্ট

বাঁশি বাজিয়ের বদলে বাঁশিতে সুর তুলেছে স্বয়ং করোনা ভাইরাস। কালো গাউনে ঢাকা ভয়ংকররূপী ভাইরাসটি অবতীর্ণ হয়েছে হ্যামিলনের বাঁশিওয়ালার ভূমিকায়। তার বাঁশির সুরে ঘর ছেড়ে খাদের কিনারে ছুটে যাচ্ছে একদল মানুষ।  খাদের নিচে গেলেই মৃত্যু। সেখানে পড়ে আছে মৃত মানুষের অজস্র কঙ্কাল। কালি ও কলম মাধ্যমে ছবিটি এঁকেছেন সৌরভ চৌধুরী। আরেকটি চিত্রকর্মে অবরুদ্ধ সময় পেরিয়ে সুসময়ের প্রতীক্ষায় এক নারী। অ্যাক্রেলিক মাধ্যমে রিফাত জাহান কান্তার আঁকা ছবিটির শিরোনাম- করোনা। প্রিমা নাজিয়া আন্দালিবের ক্যানভাসে খুঁজে পাওয়া যায় রহস্যময়তা। মানুষের বাহ্যিক আচরণের আড়ালে থাকা রূপের স্বরূপ সন্ধান করেছেন এই চিত্রকর। এমনি বৈচিত্র্যময় চিত্রকর্মের দেখা মিলছে অনলাইনে প্রদর্শিত প্রদর্শনীতে।

চিত্রকর্মের সঙ্গী হয়েছে অনেকগুলো নজরকাড়া ভাস্কর্য। দেশের নবীন-প্রবীণ থেকে প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরাও সম্পৃক্ত  হয়েছেন এ প্রদর্শনীতে। তবে এ আয়োজন করা হয়েছে ভার্চুয়াল গ্যালারিতে। শিল্পকর্মগুলো প্রদর্শিত হচ্ছে চট্টগ্রামের মৃন্ময় আর্ট গ্যালারির  ফেসবুক পেজে। দেশ-বিদেশের ৯০ শিল্পীর শতাধিক শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর শিরোনাম: ‘স্টে সেফ, স্টে হোম, স্টে হেলদি’। এই অনলাইন প্রদর্শনীর শিল্পকর্মগুলো বিক্রির মাধ্যমে গড়া হবে তহবিল। সেই তহবিলের একটি বড়ো অংশ ব্যয় করা হবে মহামারিতে আক্রান্ত মানুষের সেবায়।

বাংলাদেশের পাশাপাশি প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ভারত, নেপাল, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, চীন ও মঙ্গোলিয়ার শিল্পীদের শিল্পকর্ম। সবমিলিয়ে ৯০ শিল্পীর ১২০টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। ১০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা মূল্যের চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পেয়েছে প্রদর্শনীতে।

মৃন্ময় আর্ট গ্যালারির স্বত্বাধিকারী ভাস্কর সামিনা এম করিম জানান, মূলত কোভিড আক্রান্তদের সহযোগিতার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্পের আশ্রয়ে মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছি।  পাশাপাশি বর্তমান দুর্যোগকালীন মুহূর্তে শিল্পীদেরও আয়ের একটি উত্স তৈরির প্রচেষ্টা নেওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফরমের এই প্রদর্শনীতে এতটা সাড়া পাবো আশা করিনি। শিল্প-সংগ্রাহকরা এরই মধ্যে বেশ কিছু চিত্রকর্ম ও ভাস্কর্য সংগ্রহের জন্য বুকিং দিয়েছেন। আরো অনেকেই শিল্পকর্ম সংগ্রহের আগ্রহ প্রকাশ করছেন ।     

এই ভার্চুয়াল প্রদর্শনীতে দেশের প্রখ্যাত শিল্পীদের মধ্যে রয়েছেন মুর্তজা বশীর, শহীদ কবির, মনসুর-উল করিম, জামাল আহমেদ, মোহাম্মদ ইউনুসের  চিত্রকর্ম। এছাড়া ঠাঁই পেয়েছে মোহাম্মদ ইকবাল, আফজাল হোসেন, বিপাশা হায়াত, প্রিমা নাজিয়া আন্দালিব, শামীম সুব্রানা, বিশ্বজিত্ গোস্বামী, কারু তিতাস, সোহাগ পারভেজ, শাহনুর মামুন, মুক্তি ভৌমিক, শাকিলা খান চয়ন, আহমেদ নেওয়াজ, তসলিমা আকতার বাঁধন, দেবাশীস পালসহ একঝাঁক শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য। ৮ মে থেকে শুরু হয়েছে প্রদর্শনীটি। চলবে ৩১ জুলাই পর্যন্ত। https://m.facebook.com/Mrinmoyartgallery এই ঠিকানায় প্রদর্শনীটি দেখা যাবে।