ইত্তেফাক রিপোর্ট
প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম নিয়ে চীনের একটি মেডিক্যাল বিশেষজ্ঞ দল আগামী ৮ জুন বাংলাদেশে আসছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আয়োজিত এই সফরে বিশেষজ্ঞ টিমে ১০ জন চিকিত্সক থাকছেন। হেইনান প্রাদেশিক স্বাস্থ্য কমিশন তাদেরকে বাছাই করেছে। তারা করোনা ভাইরাসের চিকিত্সায় নিয়োজিত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও করোনা নমুনা পরীক্ষার স্থানগুলো পরিদর্শন করবেন। সম্প্রতি ঢাকায় চীনা দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, বিশেষজ্ঞ দলের চিকিসকরা দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। সেসময় তারা করোনা নিয়ন্ত্রণ ও চিকিত্সা পদ্ধতি নিয়ে বাংলাদেশি চিকিত্সকদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রসঙ্গত, গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপের পরিপ্রেক্ষিতে এই বিশেষজ্ঞ দল ঢাকায় আসছেন।