কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল প্রতিষ্ঠার ২৮ বছর পর হাসপাতালে আইসিইউ (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) চালু করা হয়েছে। এছাড়া ক্যাজুয়ালিটি বিভাগ ও বার্ন ইউনিটে ১০ আইসিইউ শয্যাসহ ১৫৪ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল স্থাপন করা হয়েছে। গত বুধবার এসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ প্রমুখ।
বৃহস্পতিবার বিকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, এতদিন ধরে হাসপাতালে আইসিইউ সুবিধা ছিল না। বর্তমানে করোনা রোগীদের জন্য কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের সংযোগ দেওয়া হয়েছে। ডাক্তারগণ ৮ ঘণ্টা করে ৩ শিফটে চিকিত্সা দিচ্ছেন।