হিজলায় স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে লাশ হলেন মারুফা

বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা

জেলার হিজলা উপজেলার হরিনাথপুর বাজারসংলগ্ন সড়কে ইট বহনকারী ট্রলি চাপায় মারুফা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় ঐ নারীর স্বামী মো. ছমির (৬০) গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি উপজেলার হরিনাথপুরের পশ্চিমকান্দি এলাকায়।

হিজলা থানার ওসি অসীম কুমার  সিকদার জানান, সকালে তারা হাঁটতে বের হয়েছিলেন। হাঁটতে হাঁটতে হরিনাথপুর বাজারসংলগ্ন সড়ক অতিক্রমকালে বেপরোয়া গতির ইট বহনকারী একটি ট্রলি তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মারুফা বেগমকে মৃত ঘোষণা করেন। ছমিরকে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। পলাতক ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি অসীম কুমার সিকদার।