হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গত বুধবার বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে তিনটি বসতঘর ও দুটি রান্নাঘরসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, খোরশেদ আলমের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। তিনি ক্ষতিগ্রস্তদের নগদ টাকা প্রদান করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা ও খাদ্যসামগ্রী প্রদান করেন মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী।