উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি নাইট কোচের ধাক্কায় রিকশাচালকসহ ছয় জন মারাত্মক আহত হয়েছে। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উলিপুর-কুড়িগ্রাম সড়কের হেলিপ্যাড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের দ্রুতগতির একটি নাইট কোচ উক্ত স্থানে রাস্তার পার্শ্বে যাত্রীসহ দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রী আব্দুল হামিদসহ (৬১) রিকশায় থাকা পাঁচ যাত্রী মারাত্মক আহত হয়। একই সময় কোচটি সামনে থাকা অপর একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে রিকশাচালক আব্দুল হামিদ (৪০) গুরুতর আহত হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।