রাজধানীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাশের সাফল্য

ইত্তেফাক রিপোর্ট

এসএসসির ফলাফল প্রকাশের দিন যে চিরাচরিত আনন্দ স্কুলে দেখা যায়, সেটা এবার ছিল না। তবে ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীই টেলিফোনে শিক্ষকদের দোয়া নিয়েছে, ভাগ করে নিয়েছে আনন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই আনন্দের বহিঃপ্রকাশ দেখা গেছে। রাজধানীর দুই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং মাইলস্টোন কলেজে শতভাগ পাশের আনন্দ কিছু সময়ের জন্য ভুলিয়ে দিয়েছিল করোনা আতঙ্ক।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ: এবারের এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে ৬৮৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। গতকালের প্রকাশিত ফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৯৬৪ জনের মধ্যে ৬২০ জন জিপিএ ৫, ব্যবসায় শিক্ষা বিভাগে ২০৬ জনের মধ্যে ৪৮ জন জিপিএ ৫ এবং মানবিক বিভাগ ৬০ জনের মধ্যে ১৯ জন জিপিএ ৫ পেয়েছে। ২০১৫ সালে এসএসসিতে এবং ২০০৭ সালে এইচএসসিতে ঢাকা বোর্ডে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘দেশ কোভিড-১৯ এর কারণে চরম দুর্যোগে পতিত। তারমধ্যে এসএসসির ফলাফলে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্জন আমাদের জন্য বড়ো রকমের আনন্দের সংবাদ। পরীক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত।’

মাইলস্টোন কলেজ: প্রতি বছরের মতো ২০২০ সালেও অসাধারণ ফল অর্জন করেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এবছর কলেজটি থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১ হাজার ৩৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করে। জিপিএ ৫ পেয়েছে ৯৩৫ জন শিক্ষার্থী। জিপিএ ৫ অর্জনের হার ৬৭.৭০ শতাংশ। বাংলা ভার্সনে ৯৩০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৫৪ জন এবং ইংরেজি ভার্সন থেকে ৪৫১ জন অংশগ্রহণ করে ২৮১ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভুঁইয়া (অব.) বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক পুরো শিক্ষাবর্ষে একসঙ্গে এগিয়ে চলি এবং একটি সেরা ফলাফল অর্জনে সক্ষম হই। ভালো ফল লাভের পাশাপাশি এক জন শিক্ষার্থী যেন ভালো মানুষ হয়ে জীবন গড়তে পারে সে ব্যাপারেও মাইলস্টোন কলেজ সর্বদা সচেষ্ট থাকে।