না.গঞ্জে মাস্ক ব্যবহারে নগরবাসীর অনীহা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

করোনা ভাইরাসে নাকাল পুরো বিশ্ব। বাংলাদেশও এই মহামারি থেকে বাঁচার জন্যে প্রাণপণ লড়াই করে যাচ্ছে। এই ভাইরাস থেকে রক্ষা পেতে ডাক্তাররা মাস্ক ব্যবহারের প্রতি জোর দিলেও নারায়ণগঞ্জের পথে-ঘাটে দেখা মিলছে মাস্ক ছাড়া অনেক মানুষের, যারা দিব্যি মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। তাই সংক্রমণের শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

সরেজমিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, দৈনন্দিন কাজে রাস্তায় বের হয়েছেন অনেক নগরবাসী। তাদের অনেকে পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে বের হলেও ন্যূনতম মাস্ক ছাড়াও পথে ঘুরতে দেখা গেছে অনেককে। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে অনেকগুণ। করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে একটানা ৬৬ দিন লকডাউন ছিল নারায়ণগঞ্জে। তখন স্বাভাবিক চলাফেরায় অনেক বিধিনিষেধ অরোপ ছিল, কিন্তু লকডাউন শেষ হয়ে যাওয়ার পর থেকে যেন সব ভুলে যেতে চাইছে নগরবাসী। সচেতনতা তৈরিতে সরকারি বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণ করলেও তা পুরোপুরি কাজে আসছে না। অনেক অসচেতন মানুষ দিব্যি কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই পথে ঘাটে ঘোরাফেরা করছেন।