গোটা ইউরোপে করোনা ভাইরাসে এক দিনে যত মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে ব্রিটেনে। সংক্রমণে ঊর্ধ্বগতির দিকে ভারত। দেশটির রাজধানী দিল্লিতে একটি হাসপাতালেই সাড়ে ৪০০র বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড গড়েছে ব্রাজিল ও মেক্সিকো।
ব্রিটেনের মন্ত্রী আইসোলেশনে
যুক্তরাজ্যে এক দিনে ৩৫৯ জন মারা গেছেন। ইউরোপের সব দেশ মিলিয়ে মারা গেছেন ৩১৪ জন। ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী অলোক শর্মা বুধবার পার্লামেন্টের অধিবেশনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ার পর তার কোভিড-১৯ সংক্রমণের পরীক্ষা করা হয়েছে এবং তিনি এখন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার করোনা ভাইরাসের পরীক্ষার ফল পাওয়া যায়নি।
সাড়ে ৪০০র বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত
দিল্লির এইমস হাসপাতালে ১৯ জন চিকিত্সক ও ৩৮ জন নার্সসহ ৪৮০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের হানায়। ভারতে ২৪ ঘণ্টায় সংক্রমিত মানুষের সংখ্যা ৯ হাজার ৩০৪ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৯১৯ জন। এক দিনে মৃতের তালিকায় ২৬০ জন যুক্ত হওয়ায় মোট মারা গেল ৬ হাজার ৭৫ জন।
মৃত্যুতে রেকর্ড ব্রাজিল ও মেক্সিকোতে
ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৯ জন মারা গেছে। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণের পর মারা গেছে ৩২ হাজার ৫০০ লোক। আর দেশটিতে নিশ্চিত করা হয়েছে এমন সংক্রমিত লোকের সংখ্যা প্রায় ৬ লাখ। মেক্সিকোতে এক দিনে রেকর্ড ১ হাজার ৯২ জন নতুন মারা যাওয়ায় দেশটিতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭২৯। পাকিস্তানে বুধবার দুই জন আইনপ্রণেতা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। ইরানে সংক্রমণ সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত চার দিন ধরে সেখানে প্রতিদিনই ৩ হাজার বা তার বেশি লোক কোভিড-১৯ সংক্রমিত হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে।—বিবিসি ও আনন্দবাজার পত্রিকা