জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলালসহ এক দিনে নতুন করে ৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, ময়মনসিংহ পিসিআর ল্যাবে মোট ৫৬৪টি নমুনা পরীক্ষায় ৮১ জন করোনা শনাক্ত হন। তার মধ্যে জামালপুর জেলায় নতুন ৫৪ জন এবং পুরাতন ফলোআপ তিন জনসহ মোট ৫৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ আক্রান্ত হয়েছেন ১৭ জন। এছাড়া বকশীগঞ্জে ১৮, জামালপুর সদরে আট, সরিষাবাড়িতে পাঁচ, দেওয়ানগঞ্জে তিন, মাদারগঞ্জে দুই ও মেলান্দহে এক জন আক্রান্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩০৭ জন এবং সুস্থ হয়েছেন ১৩২ জন। জেলায় মোট মৃতের সংখ্যা চার জন।