আবারও ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ। এবারও ঘটনাস্থল সেই বাংলামোটর মোড়। গতকাল বুধবার রাজধানীর বাংলামোটর মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস ফুটপাত ঘেঁষে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর দুই পথচারীকে চাপা দেয়। এতে দুই জনই ঘটনাস্থলে প্রাণ হারান। এই ঘটনায় মোটরসাইকেলচালক জাকির হোসেন (৪৮) আহত হয়েছেন। সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মাকসুদুর রহমান (৪৪) ও বেলায়েত হোসেন (৫২)। নিহত মাকসুদুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আর বেলায়েত পেশায় তেল ব্যবসায়ী। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত বছরের ২৭ আগস্ট বাংলামোটর মোড়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাস্ট পরিবহনের বাসের চাপায় পা হারান বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, মোটরসাইকেলটি নিউ ইস্কাটন রোড থেকে বাংলামোটর মোড় পাড় হয়ে কাওরানবাজারের দিকে ফুটপাত ঘেঁষে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিঁটকে পড়ে। ঐ সময় বাসটি দুই জন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন।
আহত জাকির হোসেন বলেন, তার বাসা মিরপুরে। তিনি মালিবাগ থেকে মোটরসাইকেল চালিয়ে মিরপুরের বাসায় ফিরছিলেন। বাংলামোটর এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে আহত হন তিনি। এরপরই বাসটি দুই জন পথচারীকে চাপা দেয়।
শাহবাগ থানার ওসি আরো জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।