করোনা রোগীর সংস্পর্শে ১৫ মিনিট থাকলেই এলার্ট দেবে মোবাইল ফোন—এমন একটি অ্যাপ চালু হয়েছে। এই অ্যাপ ডাউনলোড করতে মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো তথ্য দিতে হবে না। পকেটে থাকা মোবাইল ফোনটিতে অ্যাপটি চালু রেখে ব্লু-টুথ অন রাখলেই এই বার্তা পাওয়া যাবে। যদিও আক্রান্ত ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনটিতেও অ্যাপটি চালু থাকতে হবে। বিশ্বের অন্তত ৫০টি দেশে এই অ্যাপ চালু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু হয়েছে। এখনই এটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না। করোনা নিয়ে গুগলের কিছু বাধ্যবাধকতার কারণে একটি লিংক থেকে এটা ডাউনলোড করতে হবে। প্রতিবেশী দেশ ভারতে এরই মধ্যে অ্যাপটি চালু হয়েছে। সেখানে প্রথম তিন দিনে ১০ লাখ এবং এক মাসে ১০ কোটি মানুষ এটি ডাউনলোড করেছেন। এই অ্যাপের মাধ্যমে ভারত সুফল পাচ্ছে বলেও জানানো হয়েছে।
গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এখানে কোনো ব্যক্তির তথ্য দেওয়া লাগবে না। শুধু মোবাইল ফোন নম্বরটি দিলেই হবে। যেহেতু যারা অ্যাপটি ডাউনলোড করছেন তাদের ঠিকানা থাকছে না, ফলে যাকে এলার্ট দেওয়া হবে তার কাছে আক্রান্ত ব্যক্তিদের নাম বা ঠিকানা যাবে না। শুধু সংখ্যাটা জানা যাবে। করোনা আক্রান্ত কারো পাশ দিয়ে হেঁটে গেলে অ্যাপ থেকে এলার্ট আসবে না। ঐ ব্যক্তির এক মিটার দূরত্বে অন্তত ১৫ মিনিট থাকলেই এলার্ট দেবে। আবার কারো সঙ্গে দেখা হওয়ার পর চার দিনের মধ্যে যদি কারো করোনা পজিটিভ হয় তাহলেও অ্যাপ বার্তা দিয়ে জানিয়ে দেবে।
তিনি বলেন, ‘আমরা বিটিআরসিকে বলব, তারা যেন মোবাইল অপারেটরদের অনুরোধ করেন এই অ্যাপ ব্যবহারে কোনো ইন্টারনেট কাটা না হয়। তাহলে নিজের নিরাপত্তার স্বার্থে সবাই অ্যাপটি ব্যবহার করবেন।’
এরই মধ্যে ভারত, ইসরাইল, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, রাশিয়া, সিঙ্গাপুরসহ ইউরোপের কয়েকটি দেশে এটি চালু হয়েছে। প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস মহামারি ছড়ানো ঠেকাতে সহায়ক এই অ্যাপ নিয়ে বাংলাদেশেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অ্যাপটি নিয়ে দেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রায় দুই মাস ধরে কাজ করছিলেন।
করোনা ট্রেসার বিডি নামে অ্যাপটি সংক্রামক রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবহার করা হবে। করোনা ভাইরাস মহামারির ক্ষেত্রে যেসব মানুষ দীর্ঘসময় ধরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদের স্বেচ্ছা আইসোলেশনে যেতে বলা হয়। এটা সাধারণত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বন্ধু ও পরিবারের সদস্যদের ফোনের মাধ্যমে জানানো হয়। সঙ্গে একটা স্বয়ংক্রিয় লোকেশন ট্র্যাকিং মোবাইল অ্যাপও সংযুক্ত করা হয়। করোনা ভাইরাসে শনাক্ত কারো সংস্পর্শে এলে অ্যাপটি তার সময় ও স্থান তুলে ধরে সতর্কবার্তা পাঠাবে। ফোনের শুধু জিপিএস ডাটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংরক্ষিত রোগীদের ডাটার সঙ্গে মিলিয়ে দেখা হবে। তারপর নিয়মিত ব্যবহারকারীকে বার্তা পাঠানো হবে। এখন গুগল প্লে স্টোরে না পাওয়া গেলেও একটি লিংক থেকে এটা ডাউনলোড করা যাবে। লিংকটি হল: https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer|