সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ঢাকার সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দামুড়হুদায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ভাবি ও অন্তঃসত্ত্বা ননদের মৃত্যু হয়েছে। জীবননগরে মোটর সাইকেলের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। খবর ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যান চাপায় এক পুলিশ সদস্য নিহত ও  চার জন আহত হয়েছেন। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল হান্নান (৫৫)। সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে। আব্দুল হান্নান রাতে দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, বৃহস্পতিবার রাতে ডিউটিতে বের হয় পুলিশ সদস্যরা। এসময় নিজস্ব যানবাহন না থাকায় তারা মহাসড়কে সিএনজি দিয়ে ডিউটি করেন। রাত ২টার দিকে একটি মালবাহী কাভার্ড ভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে সেখানে তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় সিএনজি চালক ও পুলিশের আরো তিন জন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দামুড়হুদার কোষাঘাটা ইটভাটার কাছে বুধবার সড়ক দুর্ঘটনায় ভাবি ও অন্তঃসত্ত্বা ননদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোটরসাইকেল চালক দেবরকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দামুড়হুদা মডেল থানা পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন, ঐদিন রাত সাড়ে ১০টায় দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামের জেনারেল  ইসলামের ছেলে মনিরুল ইসলাম তার ভাবি তানিয়া খাতুন (৩৩) ও অন্তঃসত্ত্বা ছোটো বোন রুমানা খাতুনকে (২২) চুয়াডাঙ্গা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি কোষাঘাটা ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে  আসা  আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে তানিয়া খাতুন ঘটনাস্থলে মারা যায়, হাসপাতালে নেওয়ার পর রুমানা খাতুনের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ড মোড়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইমন (১৬) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সাইমন সুহিলপুর ইউনিয়ন খোলাপাড়া গ্রামের কবির খানের ছেলে। এসময় মোটরসাইকেল আরোহী বিল্লাল হোসেন আহত হয়। বিল্লাল হোসেন জানান, দুপুরে রামরাইলে দাওয়াতে যাওয়ার সময় প্রথমে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন সাইমনকে একটি ট্রাক চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সাইমনকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ট্রাকটি আটক করা হয়েছে।

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, জীবননগর উপজেলার পেয়ারাতলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল মোতালেব (৭৭) নিহত হয়েছেন। বুধবার রাতে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। জীবননগর থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার পেয়ারাতলা গ্রামের মৃত ফজলুল হক মুন্সীর ছেলে আব্দুল মোতালেব একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। বুধবার রাতে গ্রামের জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে তিনি বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে পিছন দিক হতে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ত্রিশালে গাড়ি চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। এলাকাবাসী ও ত্রিশাল থানা পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মানি নামক স্থানে রাস্তা পারাপারের সময় আব্দুল কাদিরকে (৭০) গাড়ি চাপা দেয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ত্রিশাল থানার ওসি জানান, গাড়িসহ চালক ফয়েজকে আটক করা হয়েছে।

ঈশ্বরদী সংবাদদাতা জানান, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর মোড়ে কাঁঠালতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় মনিরুল ইসলাম বিপুল সরদার (২৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাকল ১১টার দিতে পাবনা-পাকশী বগামিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিপুল মহাদেবপুর গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে। সাহাপুর ইউপির চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির জানান, নিহত বিপুল ছিলিমপুর মোড় থেকে বাইসাইকেল চালিয়ে মন্ত্রী মোড় এলাকায় যাওয়ার সময় পাকশীর রূপপুর অভিমুখী বালু বোঝাই একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।

খুলনা অফিস জানায়, খুলনায় যাত্রীবাহী বাসের চাপায় ফয়সাল শেখ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে খানজাহান আলী সেতু (র.) সড়কের জাবুসা মোড়ের কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল রূপসা উপজেলার তিলক গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। তিনি বিদ্যুত্ বিভাগে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে সেবা গ্রিন লাইনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১৫-৩৯৮৮) রূপসা উপজেলার খানজাহান আলী সেতু সড়কের জাবুসা মোড়ে মোটরসাইকেল আরোহী ফয়সাল শেখকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক পলাতক।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ছেলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পিতাসহ অপর দুই জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাজেদুল ইসলাম (২২), পিতার নাম মো. শহীদুল ইসলাম (৫৫)। গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার উলাডাব গ্রামে। মির্জাপুর থানার পুলিশের উপপরিদর্শক মো. এরশাদ মিয়া জানান, মাজেদুল তার পিতা শহীদুল ইসলাম ও অপর এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে গাজীপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা ফিলিং স্টেশনের কাছে এলে পিছন দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেল চাপা দিয়ে তাদের রাস্তার ওপর ফেলে দ্রুত চলে যায়। পিছন দিক থেকে আসা অপর একটি বাস মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলের চালক মাজেদুল ঘটাস্থলেই মারা যান। পুলিশ ঘাতক বাসটি আটক করেছেন।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বালিথা বাসস্ট্যান্ডে কালামপুরগামী মাটিবাহী একটি ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো-ট-৫১৩৬) সঙ্গে ঢাকা থেকে আগত যাত্রীবাহী নিলাচল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাম ট্রাকের চালক বালিথা নিবাসী লাল চাঁনের একটি পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকটি পা ভেঙে ঝুলতে দেখে প্রত্যক্ষদর্শীরা। লাল চাঁনের সঙ্গে ট্রাকে থাকা এক ভেকু চালকও আহত হয়েছে।

 ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বালুভর্তি একটি মাহিন্দ্র ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুল (১৮) নামের এক হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে বলে জানান, ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী। নিহত হেলপার আসাদুল (১৮) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের হোসেন আলীর ছেলে।