পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস উড়োজাহাজ ভাড়া দিচ্ছে। মাত্র ৩ লাখ টাকায় উড়োজাহাজ ভাড়া করে (চার্টার্ড) বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের যেকোনো বিমানবন্দরে যাওয়ার সুযোগ দিচ্ছে সরকারি এ এয়ারলাইনস। গতকাল বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের নতুন এই ডোমেস্টিক চার্টার্ড অফারের বিষয়টি জানিয়েছে। এ ব্যাপারে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানান, যারা জনসমাগম এড়িয়ে চলতে চান বিমান তাদের জন্য এই সুযোগ দিয়েছে। করোনা প্রাদুর্ভাবে পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস উড়োজাহাজ ভাড়া দিচ্ছে।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে গত ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমানের। তবে যাত্রী সংকটের কারণে ২ জুন এবং ৩ জুনও সব ফ্লাইট বাতিল করে তারা। পরবর্তীতে তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে ৪-এ নামিয়ে আনে। সবমিলিয়ে ২ থেকে ৬ জুন পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে বিমানের। তাই ক্ষতি পুষিয়ে নিতে বিমান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বিমান জানায়, ৩ থেকে ৫ লাখ টাকা খরচে (দূরত্বের ওপর নির্ভরশীল) কেবল ৫ ঘণ্টা উড়োজাহাজটি ভাড়া পাওয়া যাবে। অতিরিক্ত ঘণ্টা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। এক্ষেত্রে অন্যান্য শর্তও রয়েছে। চার্টার্ড অফার ভাড়া কিংবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর- ০১৭৭৭৭১৫৫০৪ এবং ০১৭৭৭৭১৫৫১৩।
জানা গেছে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ড্যাশ-৮ মডেলের বিমান দিয়ে ফ্লাইটটি চালানো হবে। স্বাস্থ্যবিধি মেনে এ বিমানে সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বসতে পারবেন। বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচল করছে।