দিল্লির তাবলিগ জামাতে যোগ দেওয়া ১৯ বাংলাদেশির ফেরা নিয়ে জটিলতা

মার্চের মাঝামাঝি ?দিল্লিতে তাবলিগ জামাতের হেডকোয়ার্টার নিজামুদ্দিন মার্কাজে যোগ দিতে ভারতে এসে আটকে রয়েছেন ১৯ বাংলাদেশি নাগরিক। তাদের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ইতিমধ্যে ঐ জামাতে যোগ দিতে আসা ২ হাজারের বেশি বিদেশির ভারতে প্রবেশের ক্ষেত্রে ‘ব্ল্যাকলিস্টেড’ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়? এ কারণে তারা অন্তত ১০ বছর ভারতে ঢুকতে পারবেন না। এর মধ্যে জামাতের ৫৪১ জন বিদেশি সদস্যের বিরুদ্ধে গত ২৮ মে ১২ পাতার চার্জশিট পেশ করেছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। তার মধ্যে এই ১৯ জন বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে। চার্জশিটে নাম থাকায় তাদের সাত দিনের মধ্যে দিল্লি ক্রাইম ব্রাঞ্চে রিপোর্ট করতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতের ফরেনারস অ্যাক্ট ও প্যানডেমিক অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

দিল্লি থেকে এই ১৯ জন গত ২৮ মার্চ পশ্চিমবঙ্গে আসেন। ১ এপ্রিল থেকে তারা কলকাতার রাজারহাটে হজ হাউজে কোয়ারেন্টাইনে ছিলেন। ভারতের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ারসের অনুমতিক্রমে গত ৩০ মে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসকে প্রয়োজনীয় সহযোগিতা করতে অনুরোধ করা হয়। সীমান্তে ভারতের ইমিগ্রেশনে গিয়ে ঐ ১৯ জন বাংলাদেশি নাগরিক জানতে পারেন, দিল্লি ক্রাইম ব্রাঞ্চ চার্জশিট দেওয়ায় তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। তাই তারা বাংলাদেশে ফিরতে পারবেন না। সাত দিনের মধ্যে দিল্লিতে গিয়ে দিল্লি ক্রাইম ব্রাঞ্চে রিপোর্ট করতে হবে। সেই রাতে কলকাতায় ফিরিয়ে এনে ফের তাদের রাজারহাটের হজ হাউজে রাখা হয়েছে। তাদের কলকাতায় অবস্থানের বিষয়ে সর্বক্ষণ নজরদারি করছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের কনসুলার উইং। উপদূতাবাসের কনসুলার কাউন্সেলর বশির উদ্দিন জানিয়েছেন, তাদের দেশে ফেরাতে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরগুলির সঙ্গে তারা যোগাযোগ করছে।