পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে ঐকমত্য পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এক সভায় এ ঐকমত্যে  পৌঁছান।

সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইজিপি। সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক  ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান, সহসভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।