রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে আবারো নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকালে তারাবো পৌরসভা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, বর্তমান সরকারের আমলে রূপগঞ্জে তিন হাজার দুইশ কোটি টাকার দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ দীর্ঘদিন ধরে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণায় লিপ্ত রয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ভোটে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে রূপগঞ্জ আসনের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে ইতোমধ্যেই সাংগঠনিক সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করা হয়েছে। সভার কার্যবিবরণীতে রূপগঞ্জের ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূল আওয়ামী লীগের সংশ্লিষ্ট ১৭০ জন স্বাক্ষর করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাব পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শামীম প্রমুখ।