স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্রের শুটিং শুরু

আতঙ্ক কাটেনি এখনও

শুটিংয়ের এই নিয়মগুলো নীতিমালা নয়, আবার উদ্বুদ্ধ করাও নয়। আমরা চাই যারাই শুটিং করুক তারা স্বাস্থ্যবিধি মেনে শুটিং করুক।

 

—মুশফিকুর রহমান গুলজার

সভাপতি, চলচ্চিত্র পরিচালক সমিতি

বিনোদন প্রতিবেদক

 

দেশের চলচ্চিত্রের সার্বিক অবস্থা ভালো নেই গত কয়েকবছর। সিনেমায় নতুন গল্প বা প্রযুক্তির উন্নয়ন হলেও ব্যবসার জায়গায় এখনও অনেক পিছিয়ে। এরমধ্যে হলগুলো বন্ধ হচ্ছে একে একে। এই লকডাউনের সময় দেশের বেশ কয়েক জায়গা থেকে সিনেমা হল বন্ধের খবর পাওয়া গেছে। গণমাধ্যমেও সেগুলো এসেছে। করোনা ভাইরাসের প্রভাবে দেশে লকডাউনের জন্য আটকে ছিল অনেক সিনেমার শুটিং। প্রযোজক ও পরিচালকদের বেশ চিন্তার মধ্য দিয়েই সময় কাটছে, কবে নাগাদ ঠিক হবে সবকিছু! আর কবে থেকে আবারও শুরু হবে শুটিং। কিছুদিন আগে দেশের লকডাউন খুলে দেওয়াতে নাটকের শুটিং শুরু হয়। এবার গতকাল থেকে শুরু হলো সিনেমার শুটিং। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘শুটিংয়ের এই নিয়মগুলো নীতিমালা নয়, আবার উদ্বুদ্ধ করাও নয়। আমরা চাই যারাই শুটিং করুক তারা স্বাস্থ্যবিধি মেনে শুটিং করুক। কারণ এমন অবস্থা বেশিদিন থাকলে ইন্ডাস্ট্রির অবস্থা আরও খারাপের দিকে যাবে। এমনিতে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা এখন আগের মতো নেই। এমন সময় অনেকের শুটিং আটকে আছে। সেগুলো করা জরুরি। কিন্তু সবার আগে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এই বিষয়টা না মেনে কাউকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া যাবে না।’

প্রায় আড়াই মাস পর স্বাস্থ্যবিধি মেনে গতকাল থেকে শুটিং, এডিটিং ও ডাবিংয়ে ফিরছে চলচ্চিত্রাঙ্গন! সম্প্রতি এক বৈঠকে চলচ্চিত্রের সংগঠনগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘অনেক ছবির শুটিং বন্ধ আছে, সেসব ছবির প্রযোজক-পরিচালকরা কাজ শেষ করতে চান। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। কাজ শুরু করতে চাইছেন। এভাবে আর কতদিনই বন্ধ রাখা যাবে। কাজ তো করতে হবে।’