স্পোর্টস ডেস্ক
চলতি মৌসুমে রবার্ট লেভান্ডোভস্কির গোলযাত্রা চলছেই। ইতিমধ্যেই লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন তিনি। লিগ শেষে অবস্থানটা ধরে রাখতে পারলে জার্ড মুলারের পর প্রথম খেলোয়াড় হিসেবে বুন্ডেসলিগায় টানা তিন মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্বও দেখাবেন তিনি।
তবে জার্মান কিংবদন্তির আরেকটা রেকর্ডও হাতছানি দিয়ে ডাকছে লেভান্ডোভস্কিকে। ১৯৭১-৭২ মৌসুমে ৪০ গোলের কীর্তিটা শেষ বছর চারেকে বেশ কয়বার হুমকির মুখে ফেলে দিলেও ভাঙা হয়নি পোলিশ এই স্ট্রাইকারের। চলতি মৌসুমে সেটা ছুঁতে হলেও বাকি পাঁচ ম্যাচে করতে হবে ১১ গোল।
২৯ ম্যাচ শেষে চলতি মৌসুমে ২৯ গোলই তার ব্যক্তিগত সেরা, এর আগে ২০১৫-১৬ মৌসুমে করেছিলেন ২৬ গোল। সেবার লিগ শেষ করেছিলেন ৩০ গোল নিয়ে, জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ২০১৭-১৮ আর ২০১৮-১৯ মৌসুমে যথাক্রমে ২৯ আর ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার ট্রফি জেতেন তিনি। এর ফলে বেয়ার লেভারকুসেন ফরোয়ার্ড উলফ কার্স্টেনের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার সর্বোচ্চ গোলদাতা হন তিনি। এবার জিতলে বসবেন জার্ড মুলারের পাশেও। ১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত টানা তিনবার সর্বোচ্চ গোলদাতা হন জার্মান কিংবদন্তি।
তবে শেষ ১০ মৌসুমে ৯ বারই দুই অঙ্কের গোল করা লেভা শেষ কয়েক মৌসুম ধরেই মুলারের রেকর্ডটাকে ফেলছেন বড়ো হুমকির মুখে। তবে চলতি মৌসুমে সেটা ভাঙতে হলে ম্যাচপ্রতি গোল পেতে হবে দুটিরও বেশি করে।
আপাতদৃষ্টিতে কঠিন মনে হলেও আশা দেখাচ্ছে লেভান্ডোভস্কির পরিসংখ্যান। সব বুন্ডেসলিগা ক্লাবের বিপক্ষে গোল পাওয়া এই ফরোয়ার্ডের পরের পাঁচ প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন, বরুসিয়া মনশেনগ্যাডবাখ, ওয়ের্ডার ব্রেমেন, ফ্রেইবুর্গ আর ভলফসবুর্গ।
শীর্ষ চারের লড়াইয়ে থাকা লেভারকুসেন আর মনশেনগ্যাডবাখের বিপক্ষে অতীত ইতিহাস তত ভালো না হলেও প্রতিপক্ষ জালটা ভালোই চেনা আছে বায়ার্ন ফরোয়ার্ডের। অবনমনের অঞ্চলে থাকা ব্রেমেনের বিপক্ষে শেষ দুই ম্যাচে করেছেন ছয়গোল, ফ্রেইবুর্গের বিপক্ষে ১৬ ম্যাচে করেছেন ১৫টি গোল। ধারাটা ধরে রাখতে পারলে এ দুই ম্যাচে ভালোই গোলের দেখা পাওয়ার কথা তার। আর শেষ ম্যাচে অপেক্ষা করছে তার ‘প্রিয়’ প্রতিপক্ষ ভলফসবুর্গ।
শেষ নয় ম্যাচে ১৬ গোল পাওয়া এই প্রতিপক্ষের বিপক্ষেই যে নয় মিনিটে পাঁচ গোলের কীর্তিটা গড়েছিলেন। এসব ‘যদি কিন্তু’র হিসেব মিলিয়ে ফেলতে পারলে ‘ডের বম্বার’ জার্ড মুলারকে সরিয়ে লেভান্ডোভস্কিরই হবে বুন্ডেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তিটা।