প্রস্তুতি ম্যাচে জোর দিচ্ছেন কুম্বলে

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রভাবে নেমে এসেছে অনাকাঙ্ক্ষিত বিরতি। মাঠের ক্রিকেট না থাকায় ক্রিকেটাররাও কাটাচ্ছেন অলস সময়। তাই হুট করে দীর্ঘ পরিসরের সংস্করণের সঙ্গে মানিয়ে নেওয়া হবে ক্রিকেটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ। চোটে পড়ার শঙ্কা থাকবে প্রবল। এসব সমস্যা থেকে উতরানোর উপায় দেখালেন অনিল কুম্বলে। টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ বাড়ানোর পরামর্শ দিলেন ভারতীয় সাবেক লেগ স্পিনার। মাঠের ক্রিকেট বন্ধ গত মার্চ থেকে। এ সময় ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করে নিজেদের তৈরি রাখার চেষ্টা করেছেন। তবে ম্যাচ খেলতে এই প্রস্তুতি যথেষ্ট নয়। হঠাত্ খেলায় ফেরায় থাকবে নানা ঝুঁকি। থাকবে শরীরের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার।

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সূচি। আগামী জুলাইয়ের তিন সপ্তাহে হবে তিনটি টেস্ট। কিন্তু কোনো টেস্টের আগেই প্রস্তুতি ম্যাচ রাখেনি ইসিবি। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান কুম্বলে বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে টেস্টের আগে অনুশীলন ম্যাচ রাখার গুরুত্ব তুলে ধরেন।