লাসিথ মালিঙ্গা একসময় ইয়র্কারকে নতুন উচ্চতায় তুলে নিয়েছিলেন। বয়সের সঙ্গে সেই গতি যেমন কমেছে, তেমনি কমেছে ধার। তবে সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহর চোখে, কমেনি ৩৬ বছর বয়সি মালিঙ্গার ইয়র্কারের কার্যকারিতা। বুমরাহ বলেন, ‘বিশ্বের সেরা ইয়র্কার বোলার লাসিথ মালিঙ্গা। দীর্ঘ সময় ধরে এটিকে দারুণভাবে কাজে লাগিয়েছে সে।’ করোনা ভাইরাসের চলমান বিরতিতে বুমরাহ আপাতত ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন নিজের মতো। বোলিংয়ে ফিরতে তিনি মুখিয়ে আছেন, তবে আছে খানিকটা দুশ্চিন্তাও। তিনি বলেন, সপ্তাহের ছয় দিনই ট্রেনিং করছি। তবে লম্বা সময় ধরে বোলিং করি না। তাই জানি না, বোলিং শুরু করার পর শরীর কীভাবে সাড়া দেবে।