সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
উপজেলার আকটের ইউনিয়নে শুক্রবার সকালে পদ্মা নদীতে এক ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ শ্রমিক নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা ও উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায়, শয়তানখালী ঘাট এলাকা থেকে ছোট্ট একটি ট্রলারে ২৭ জন কৃষি শ্রমিক নিয়ে দিয়ারা এলাকার চরের দিকে যাচ্ছিল। এ সময় তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শ্রমিকের মধ্যে দুজনের বাড়ি সদরপুরে, বাকি তিন জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকার্তা পূরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচাজ (ওসি) সৈয়দ লুত্ফর রহমান জানান, ফায়ার সার্ভিস স্থানীয় এলাকাবাসীদের নিয়ে উদ্ধার তত্পরতা চালাচ্ছে। এখন মানিকগঞ্জ থেকে তিন জনের একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেবে। এদিকে ট্রলারডুবিতে নিখোঁজের স্বজনরা নদী তীরে আহাজারি করছেন।