বাংলামোটরে বাসচাপায় ২ জন নিহত

বাসচালক জাফরের এক দিনের রিমান্ড মঞ্জুর

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ পরিবহন বাসের চাপায় দুই জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক জাফর মোল্লার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার জাফর মোল্লাকে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়ার আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। বাসচাপায় নিহতের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলামোটর মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চাপা দিলে দুই পথচারী বেলায়েত হোসেন (৫২) ও মাকসুদুর রহমান (৪২) নিহত হন।