বরিশাল অফিস
ভার্চুয়াল কোর্টের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত পরিচালনার জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন জানিয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যরা। প্রায় দুই শতাধিক আইনজীবী স্বাক্ষরিত আবেদনটি জেলা আইনজীবী সমিতির মাধ্যমে বৃহস্পতিবার প্রধান বিচারপতি বরাবর প্রেরণ করা হয়েছে।
ঐ আবেদনে উল্লেখ করা হয়, গত ৩১ মে থেকে সারাদেশের সব অফিস, শিল্পপ্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন খুলে দেওয়া হয়েছে। কিন্তু আদালতগুলো ভার্চুয়াল পদ্ধতিতে চালু রাখা হয়েছে। এতে করে কিছুসংখক আইনজীবী ছাড়া সব আইনজীবী বেকার হয়ে পড়েছেন। এরূপ অবস্থা চলতে থাকলে আইনজীবীগণ নিরুপায় হয়ে পরবেন। তাই আইনজীবীরা স্থাস্থ্যবিধি মেনে যথারীতি পূর্বের ন্যায় আইন পেশায় ফিরতে চায়। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুর করিম ও সাধারণ সম্পাদক কাইয়ুম খান কায়সার জানান, আইনজীবীরা অধস্তন আদালতসমূহে ভার্চুয়াল পদ্ধতির পরিবর্তে সাধারণ পদ্ধতিতে চালু করার জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন। প্রায় দুই শতাধিক আইনজীবীর স্বাক্ষরিত দাবিতে আবেদনটি প্রধান বিচারপতি বরাবর বরিশাল জেলা আইনজীবীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বেও নিয়মিত আদালতের দাবিতে জেলা আইনজীবী রেজুলেশন করে প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছে বলে জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে।