ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার গুজব ছড়ানোর অভিযোগে সাজ্জাদ হোসেন বাবর নামে সাবেক এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রাতে গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেনের ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায়, তিনি ঐ সময় থেকে প্রায় ২১ ঘণ্টা আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে লিখেন: ‘আইনমন্ত্রী আনিসুল হক করোনা আক্রান্ত’। ঐ পোস্টেই অনেকে কমেন্টস করে খবরটি গুজব বলে আখ্যায়িত করেন। ফেসবুকের পরিচিতিতে সাজ্জাদ হোসেন লিখেছেন: জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চন্দনাইশ উপজেলা ছাত্রদল।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, গুজব ছড়ানোর বিষয়ে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়ন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে চন্দনাইশ থানা পুলিশ ঐ যুবককে গ্রেফতার করে।