ইত্তেফাক রিপোর্ট
করোনা মহামারির এ দুর্যোগকালে বসে নেই চিত্রশিল্পীরা। অনলাইনে চলছে বেশ কিছু শিল্পকর্ম প্রদর্শনী। ভার্চুয়াল দুনিয়ায় চলমান তেমনই এক প্রদর্শনী ‘মানুষের জন্য ছবি’। মানবতার সেবায় নিবেদিত প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে তিন চিত্রকরের চিত্রকর্ম। গুরুশিষ্য পরম্পরায় ছবি আঁকা এই শিল্পীত্রয় হলেন: মলয় বালা, অমিত নন্দী ও জাহাঙ্গীর আলম। জলরং, তেলরং ও অ্যাক্রিলিক মাধ্যমে প্রায় দুই শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। শিল্পী মলয় বালার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে ছবিগুলো। প্রদর্শনীটির আয়োজক ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিও।
কোনো চিত্রকর্মেরই মূল্য নির্ধারণ করে দেননি শিল্পীরা। যারা ছবি কিনছেন তারাই মূল্য নির্ধারণ করছেন। চিত্রকর্ম দেখে সংগ্রাহকের পছন্দ হলে ইনবক্সে পাঠানো মূল্যের ভিত্তিতে বিক্রি হচ্ছে ছবি। এভাবেই বিক্রি হয়েছে কয়েক লাখ টাকার চিত্রকর্ম। আর ছবি বিক্রির সমুদয় অর্থ ব্যয় করা হচ্ছে করোনাকালীন অসহায় মানুষদের জন্য। সেই তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয় এলাকার চায়ের দোকানদার, ছিন্নমূল মানুষ থেকে মহামারিতে সমস্যাগ্রস্ত কারুশিল্পীরা। শুধু তাই নয়, চারুশিক্ষার্থীদের মধ্যে যারা সমস্যায় পড়েছেন তাদেরকেও শিল্পের উপকরণ কিংবা সরাসরি অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। তবে ঢাকঢোল না পিটিয়ে গোপনীয়ভাবে পৌঁছে দেওয়া হচ্ছে সহায়তা। সেই সুবাদে প্রকাশ করা হচ্ছে না সহায়তাপ্রাপ্তদের নামটি।
শিল্পীরা জানান, বৈশ্বিক মহামারির এই ক্রান্তিকালে আমরা দুর্দশাগ্রস্ত মানুষের জন্য কিছু করতে চেয়েছি। চারুকলার ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের অঙ্গসংগঠন ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিওর পক্ষ থেকে নেওয়া হয় এ উদ্যোগ। তহবিলের অর্থ দিয়ে দুই মাস ধরে সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একসময় কাজ করতো কিন্তু বর্তমানে বেকার হয়ে আছে অথবা সরাসরি ছিন্নমূল—এমন মানুষদের খাদ্যসহ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। চারুকলার যেসব শিক্ষার্থী বর্তমানে সমস্যায় রয়েছেন তাদের আর্ট ম্যাটেরিয়াল থেকে শুরু করে সরাসরি অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতে সারা দেশের কারুশিল্পী এবং চারুকলার মডেলদের সহায়তা করা হবে জানান তারা।