কাদের খান আর নেই

বছরের শুরুতেই শোকে মাতম বলিউড

মারা গেছেন বলিউড অভিনেতা কাদের খান। তার বয়স হয়েছিল ৮১ বছর। গতকাল কানাডার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবর নিশ্চিত করেছেন তার ছেলে সরফরাজ খান।

বেশ কয়েকবছর ধরেই ছেলের পরিবারের সঙ্গে কানাডায় বসবাস করছিলেন কাদের খান। অনেকদিন ধরে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসিতে (পিএসপি) ভুগেছিলেন কাদের খান। বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন অনেকেই।

অমিতাভ বচ্চন টুইটারে লেখেন, ‘কাদের খান নেই, এ খবর খুবই কষ্টের। আমার প্রার্থনা ও সমবেদনা। একজন অসাধারণ মঞ্চশিল্পী, চলচ্চিত্র অঙ্গনের মেধাবী, দয়াবান আর প্রতিষ্ঠিত শিল্পী। অসাধারণ লেখক, আমার সফল সিনেমাগুলোর একজন তিনি। একজন আনন্দদায়ক সঙ্গী এবং একজন গণিতবিদ!’ অভিনেতা মনোজ বাজপেয়ি লিখেছেন, ‘চিরশান্তিতে থাকুন, কাদের খান সাহেব।’

অর্জুন কাপুর সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘একজন অভিনেতা ও লেখক, যিনি একটি প্রজন্মকে এগিয়ে নিয়ে গেছেন। আপনার এই শূন্যতা পূরণ হওয়ার নয়, চিরশান্তিতে থাকুন। পরিবারের সদস্যদের প্রতি হূদয়ের অন্তস্থল থেকে প্রার্থনা।’ চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকার বলেন, ‘বহুমুখী প্রতিভার অধিকারী লেখক, অভিনেতা, কমেডিয়ান কাদের খানের মৃত্যু সংবাদে বেদনাহত। তিনি একইসঙ্গে আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন। তির্যক সংলাপ দিয়ে আমাদের বিনোদন দিয়েছেন তিনি।’ বরুণ ধাওয়ান বলেন, ‘কাদের খান ছিলেন আমার প্রেরণা। আমার বাবা ডেভিড ধাওয়ানের সিনেমায়ও সীমাহীন অবদান রেখেছেন তিনি।’

১৯৩৭ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কান্দাহারে জন্ম হয় কাদের খানের।  ১৯৭৩ সালে যশ চোপড়া পরিচালিত এবং  রাজেশ খান্না অভিনীত দাগ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। তিন শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি।