বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়া (৭২)। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. গোলাম কিবরিয়া ৩ জুন থেকে আইসিইউতে ছিলেন। তার মৃত্যুতে গতকাল গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া। কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে ১৮ জন চিকিত্সক মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচ চিকিত্সক। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭ জন।