চট্টগ্রামে করোনা চিকিত্সায় এগিয়ে আসছেন বিত্তশালীরা

চট্টগ্রামে করোনা চিকিত্সায় হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধিতে ধীরে ধীরে এগিয়ে আসছেন চট্টগ্রামের বিত্তশালীরা। দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা বিপুলসংখ্যক শিল্পপ্রতিষ্ঠান ও শিল্পপতি চট্টগ্রামে রয়েছেন। কিন্তু চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা এতোদিন খুব একটা দেখা যায়নি।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ের যেসব হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে তার বেশির ভাগই স্থানীয় ডাক্তারদের গ্রুপভিত্তিক বিনিয়োগে। রোগীদের অভিযোগ—এসব হাসপাতাল সেবার চেয়ে অনেকটাই মুনাফানির্ভর। নানা বাস্তবতায় চট্টগ্রামে আধুনিক মানসম্মত হাসপাতাল কিংবা চিকিত্সাসেবা গড়ে ওঠেনি। সম্প্রতি কোভিড-১৯-এর ব্যাপক প্রাদুর্ভাবের কয়েক দিনের মধ্যে চট্টগ্রামের ভঙ্গুর চিকিত্সা ব্যবস্থায় হাহাকার দেখা যায়। অক্সিজেনের সুবিধা না পেয়ে শ্বাসকষ্টে অনেককে প্রাণ হারাতে হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেমন এগিয়ে আসেননি একইভাবে স্থানীয় নেতৃত্বের দুর্বলতাও রয়েছে। চট্টগ্রামের ৬০ লক্ষাধিক মানুষের জন্য কোভিড চিকিত্সায় এখন পর্যন্ত মাত্র ১০টি আইসিইউ বেড রয়েছে।

এখানকার করোনা রোগীদের চিকিত্সায় হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধিতে এখন এগিয়ে আসছেন বিত্তশালীরা। করোনা রোগীদের চিকিত্সায় অক্সিজেন সুবিধার জন্য বেশ কিছু সরঞ্জাম সরবরাহ করে চট্টগ্রামে সিকম গ্রুপ। আইসোলেশন সেন্টার স্থাপনে তাদের বিশাল কমিউনিটি সেন্টার চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে। আরো কয়েকটি কমিউনিটি সেন্টার মালিক তাদের হলগুলো করোনা রোগীদের চিকিত্সায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশের শীর্ষ শিল্পগ্রুপ টিকে এর পক্ষ থেকে জানানো হয়েছে—করোনা চিকিত্সায় বেশ কয়েকটি আইসিইউ সুবিধা ভেন্টিলেটর সরঞ্জাম সরবরাহ করবে তারা। এরই মধ্যে শীর্ষস্থানীয় আবুল খায়ের গ্রুপ তাদের উত্পাদিত অক্সিজেন বিনামূল্যে সরবরাহ শুরু করেছে। তারা বিপুলসংখ্যক সিলিন্ডারও সরবরাহ করছে। কেএসআরএম গ্রুপ দুস্থদের মধ্যে খাদ্য ও অর্থ সহায়তা করেছে। চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে করোনা রোগীর নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চারটি বুথ স্থাপন করেছে। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম জানান, তারা করোনাকালে গরিব মানুষের জন্য ভর্তুকি মূল্যে খাদ্য বিক্রি করছেন। এছাড়া করোনা চিকিত্সায় তাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। করোনা চিকিত্সা সহায়তায় তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।