শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের জামসি এলাকায় মা ও মেয়েকে ঘুমন্ত অবস্থায় খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার। পুলিশ ধারণা করছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামসি এলাকার একটি টিনশেডের ঘরে মা জায়েদা বেগম ও তার মেয়ে ইয়াছমিন বেগম থাকতেন। সকালে এলাকাবাসী তাদের কোনো সারাশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ নিচে পড়ে থাকতে দেখতে পান। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ঘরের পেছনের টিন খুলে ভেতরে প্রবেশ করে এ হত্যাকাণ্ড চালায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, ‘প্রায় এক বছর পূর্বে ইয়াছমিনের সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহলের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতদের লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’