ভারতে এক দিনে আক্রান্ত প্রায় ১০ হাজার

ভারতে আবারও এক দিনে রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটির বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে। একের পর এক লকডাউন শিথিল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একটা ভাইরাস কোথাও থাকা পর্যন্ত এই মহামারি বিদায় নেবে না।

ভারতে ফের রেকর্ড সংক্রমণ

প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় ভারতে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। গতকাল শুক্রবারও তার ব্যতিক্রম ঘটেনি। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮৫১ জন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হয়নি। এই বৃদ্ধির জেরে দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৭০ জন। শুধু সংক্রমণ নয়, মৃত্যুর সংখ্যার বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে। এক দিনে মৃত্যু হয়েছে ২৭৩ জনের। যা এক দিনের নিরিখে সর্বোচ্চ। এ নিয়ে করোনার থাবায় প্রাণ গেল মোট ৬ হাজার ৩৪৮ জনের।

লকডাউন শিথিলে উদ্বেগ ডব্লিউএইচওর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনেভায় জাতিসংঘে এক ব্রিফিংয়ে বলেছেন, কোথাও একটা করোনা ভাইরাস থাকা পর্যন্ত পৃথিবী থেকে এই মহামারি বিদায় নেবে না। সংস্থাটি বিভিন্ন দেশে লকডাউন শিথিল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে। এদিকে যুক্তরাজ্যের উদ্যোগে বৃহস্পতিবার এক ভ্যাকসিন সম্মেলনে ৮৮০ কোটি ডলার তহবিলের প্রতিশ্রুতি পাওয়া গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, ৫০টিরও বেশি দেশ এই ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছে। তিনি জানান, আমাদের টার্গেট ছিল ৭৪০ কোটি ডলারের। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এর মাধ্যমে ৮০ লাখ মানুষের জীবন রক্ষা পাবে।

এদিকে সংক্রমণে চীনকে ছাড়িয়ে গেছে পাকিস্তান। দেশটিতে ৮৯ হাজার ২৪৯ জন সংক্রমিত এবং মারা গেছে ১ হজার ৮৩৮ জন। চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হজার ২৭ জন। বিশ্বে মৃতের নিরিখে তৃতীয় সর্বোচ্চ ব্রাজিল। যুক্তরাষ্ট্র (১ লাখ ১০ হাজারের বেশি) এবং যুক্তরাজ্যের (৩৯ হাজারের অধিক) পরই ব্রাজিলের (৩৪ হাজার ৭২ জন) অবস্থান। বিশ্ব জুড়ে গতকাল পর্যন্ত ৬৭ লাখের বেশি আক্রান্ত এবং ৩ লাখ ৯৩ হাজারের বেশি মারা গেছে।