পরিবেশ সংরক্ষণে যত্নবান হলে ভাইরাস থেকে সুরক্ষা দেওয়া সহজ হতো ------ তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ সংরক্ষণে আরো যত্নবান হলে রোগবালাই-ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেওয়া সহজ হতো। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকায় মন্ত্রী তার সরকারি বাসভবনে গাছের চারা রোপণকালে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির এই সময়ে প্রকৃতি ও পরিবেশের স্বাচ্ছন্দ্য বিকাশ এবং বন্য প্রাণীর নির্ভয় বিচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে স্বাভাবিক অবস্থায় আমরা পরিবেশের প্রতি কতটা নির্দয় আচরণ করি।’ তথ্যমন্ত্রী বলেন, ‘সমগ্র পৃথিবী করোনা ভাইরাসের কারণে স্তব্ধ। কিন্তু এই পরিস্থিতিতেও আমরা কিছু ইতিবাচক দিক লক্ষ করছি। কক্সবাজার সমুদ্রসৈকতে আপনারা ডলফিন দেখেছেন, যা হাজার হাজার লোকের ভিড়ে ঘটত না। সুন্দরবনের হরিণগুলো আগের তুলনায় অনেক স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে। শুধু এখানে নয়, এটি সমগ্র পৃথিবীর চিত্র। প্রকৃতি আগের চেয়ে এখন অনেক নির্মল।’

চলমান মুজিববর্ষ উপলক্ষ্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির দেশব্যাপী ১০০ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার কথাও এ সময় জানান ড. হাছান মাহমুদ। এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।