ত্রুটিপূর্ণ এসির বিস্ফোরণে ইউনাইটেড হাসপাতালে আগুন

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও গাফিলতির প্রমাণ পেয়েছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। ত্রুটিপূর্ণ ও পুরাতন এসির বিস্ফোরণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে। আগামীকাল রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি সংস্থার মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) দেবাশীষ বর্ধন ইত্তেফাকের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবাশীষ বর্ধন বলেন, চিকিত্সক, নার্স, সিকিউরিটি, হাউজ কিপার, তড়িত্ প্রকৌশলী, এসির মেকানিক, রোগীর স্বজন, হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীসহ ২০ জনের সাক্ষ্য নিয়েছি। ঐ ইউনিটে একটি পুরাতন এসি স্থাপন করা হয়েছিল। সেটি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের নেপথ্যে কর্তৃপক্ষের মারাত্মক গাফিলতি ও অবহেলা খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। চিকিত্সাধীন পাঁচ জনেরই প্রাণহানির জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে।

এদিকে একই অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) করা তদন্ত প্রতিবেদন তৈরির কাজও প্রায় শেষপর্যায়ে। তারাও এই সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে পুড়ে চিকিত্সাধীন পাঁচ জন রোগীর সবাই মারা যান। এ ঘটনায় নিহত ভারনন এ্যান্থনি পলের জামাতা রোনাল্ড মিকি গোমেজ বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগে ৩ জুন গুলশান থানায় একটি মামলা করেন।