মালিবাগে দোকানের তালা কেটে ২০ লাখ টাকার ল্যাপটপ-মোবাইল চুরি

রাজধানী মালিবাগ চৌধুরীপাড়ার একটি মোবাইল ফোনের দোকানের তালা কেটে ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। করোনা ভাইরাসের এ সময়ে সব হারিয়ে দিশাহারা ব্যবসায়ী আফতাব উদ্দিন সুমন রামপুরা থানায় একটি মামলা করেছেন। তিনি চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়ে কান্না করছেন।

রামপুরা থানার ওসি মাসুদ পারভেজ বলেন, গত ৩ জুন রাতে দোকানের চারটি তালা কেটে ল্যাপটপ, বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। গতকাল শুক্রবার অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত হয়েছে। ব্যবসায়ী সুমন জানান, ‘দোকানটি মালিবাগ চৌধুরীপাড়ার উত্তরা ব্যাংক এবং যমুনা ব্যাংকের মাধ্যখানে প্রধান সড়কে। সব জায়গায় সিসি ক্যামেরা আর নৈশপ্রহরী থাকে। ব্যাংক থেকে ঋণ নিয়ে গত জানুয়ারিতে দোকানটা দিয়েছেন। এক মাস পরই লকডাউন শুরু হয়। দুই মাস পর দোকান খুলতে গিয়ে দেখি সব শেষ।’ রামপুরা থানা পুলিশ জানায়, সংগৃহীত সিসি টিভির ফুটেজে দেখা যায় বুধবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বেশ কয়েক জন যুবক তালা কেটে চুরি করে। তখনও রাস্তা ও ফুটপাত দিয়ে লোকজন চলাচল করছে। এ সময় কেউ বাইরে দাঁড়িয়ে গল্প করছে আর কেউ চুরির কাজটি করছে। চোর ধরতে পুলিশ কাজ করছে।