মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে মিনারুল ইসলাম (৩৬) নামের এক পান চাষীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিনারুল ইসলাম বলিয়ারপুর মাঝপাড়া গ্রামের খাকছার বিশ্বাসের ছেলে। তিনি পান চাষের পাশাপাশি স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, মাগরিবের নামায পড়ে নিজের পানের বরজে পাহারা দেওয়ার জন্য যান মিনারুল। এসময় তার বরজ থেকে কে বা কারা পান চুরি করছিল। এর প্রতিবাদ করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা শেষে পালিয়ে যায় দুর্বৃত্তরা
স্থানীয় ৮ নম্বর ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, নিহত পানচাষী একজন গরীব দিনমজুর। তার কোনো পূর্ব শত্রুতা ছিল বলে মনে হয় না, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতাও তার নেই।
খবর পেয়ে বলিয়ারপুর ক্যাম্পের ইনচার্জ আলী রেজাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল রিপোর্ট নিয়েছেন। এস আই আলী রেজা জানান, নিহত মিনারুল ইসলাম পান বরজ পাহারা দিতে গেছিলেন। সেখানে পান চুরি করার সময় সে চোরদের মুখোমুখি পড়ে যায়। এসময় চোরের দল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে।
আরও পড়ুনঃ মেঘালয়ে ১৯ দিন ধরে খনিতে আটকা ১৫ জন, চলছে উদ্ধার চেষ্টা
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পূর্ব শত্রুতার জেরে নাকি পান চুরি ঠেকাতে গিয়ে এ হত্যাকাণ্ড তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
ইত্তেফাক/অনি