নিকট-আত্মীয়ের ভুয়া মৃত্যুসনদ তৈরি করে মানবিক কারণ দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহজাদা হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম রাজধানীর রামপুরা এলাকায় এ অভিযান চালায়। বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবির রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার শামসুল আরেফিন বলেন, মানবিকতার দোহাই দিয়ে প্রতারণার নতুন ফাঁদ পেতেছিলেন শাহজাদা। তিনি পরিচিত বিশিষ্টজনদের কাছে ফোন করে লাশ বহনের জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া বা দাফন করার অর্থ নেই জানিয়ে টাকা চাইতেন। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ভুয়া মৃত্যুসনদ দেখাতেন। গ্রেফতারের পর তার কাছ থেকে তিনটি ভুয়া মৃত্যুসনদ, ডাক্তারের নকল সিল ও কয়েকটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, ২৩ মে বেসরকারি একটি টিভি চ্যানেলের এক জন কর্মকর্তাকে ফোন করে শাহজাদা তার বাবার মৃত্যুর সংবাদ দেন। এ সময় তিনি জানান, তার বাবা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার কাছে লাশ বহন করার মতো টাকা নেই। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধও করেন তিনি। আর প্রমাণ হিসেবে ভুয়া মৃত্যুসনদ পাঠিয়ে দেন, যা তিনি নিজের হাতেই লিখেছিলেন। বিষয়টি জানার পর অনুসন্ধান শুরু করে রমনা জোনাল টিম। এক পর্যায়ে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে রামপুরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাদা জানান, বেশ কিছুদিন ধরে তিনি এমন প্রতারণা করে আসছিলেন। একই কৌশলে তিনি সমাজের স্বনামধন্য মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে।