১৭ বছর হল, শ্রীলঙ্কার মাটিতে কোনো ওয়ানডে সিরিজে জয় নেই শ্রীলঙ্কার। এবার সেই অপেক্ষারই অবসান চায় সফরকারী দলটি। আগামীকাল ভোর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এটাই লঙ্কানদের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে স্বাগতিক নিউজিল্যান্ড সিরিজ জিতে নিয়ে নিজেদের রেকর্ডটা আরো বাড়িয়ে নিতে চায়।
নিউজিল্যান্ডের মাটিতে ১৯৮৩ সালে প্রথম ওয়ানডে সিরিজ খেলতে নামে শ্রীলঙ্কা। এরপর নয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলে লঙ্কানরা। এর মধ্যে মাত্র একটিতে জয় পায় শ্রীলঙ্কা। তাও সেটি ২০০১ সালে এবং সেবারই শেষবার। এরপর নিউজিল্যান্ডের মাটিতে আর কোন সিরিজ জিততে পারেনি শ্রীলঙ্কা।
এবারের নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজ জিতে নিউজিল্যান্ডের মাটিতে বন্ধ্যাত্ব ঘোচাতে চায় লঙ্কানরা। এমন কথাই বললেন অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে আমাদের রেকর্ড খুবই বেশি ভালো না। দ্বিপক্ষীয় সিরিজে আমরা ভালো করতে পারিনি। তবে এবার আমরা দল হিসেবে ভালো করতে মুখিয়ে আছি। কারণ আমাদের এবারের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এছাড়া এ বছর ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে রেখে এখন থেকেই আমাদের তৈরি হতে হবে। তাই বছরের প্রথম সিরিজে ভালো ফল অর্জন করতে চাই আমরা।
পক্ষান্তরে টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডেতেও সাফল্য পেতে চান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘টেস্টে আমরা ভালো পারফরমেন্স করেছি, এবার আমাদের লক্ষ্য ওয়ানডেতে ভালো করা। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে ভালো করার রেকর্ডটি আমরা ধরে রাখতে চাই। তবে কাজটি সহজ হবে না। কারণ টেস্ট হেরে যাওয়ায় ওয়ানডেতে ভালো করতে মুখিয়ে আছে শ্রীলঙ্কা। আমাদের সর্তক থাকতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড। কুশল মেন্ডিস ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটিং দৃঢ়তায় ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট ড্র করে শ্রীলঙ্কা। তবে ক্রাইস্টচার্চে বক্সিং ডে টেস্টে পারফরমেন্সের ছিটেফোটা দেখাতে পারেনি সফরকারীরা। ৪২৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। সেই সাথে সিরিজও জয় করে তারা। নিজেদের টেস্ট ইতিহাসে রান বিবেচনায় এটিই ছিল ব্ল্যাক ক্যাপদের সবচেয়ে বড় ব্যবধানে জয়।